টানা বৃষ্টিতে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা ও যানজট: ভোগান্তিতে নগরবাসী

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রধান সড়ক ও নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজপথ পানিতে তলিয়ে গিয়ে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন রুটে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

সরেজমিনে পল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নিউমার্কেট, মতিঝিল, মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, আরামবাগ, গুলিস্তান এবং পল্টন কালভার্ট রোডসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মূল সড়কগুলো পানিতে সয়লাব হয়ে আছে। কোথাও কোথাও পানির উচ্চতা এত বেশি ছিল যে রিকশা ও গণপরিবহনের চাকা প্রায় ডুবে যায়। পানি জমে থাকার কারণে ফুটপাত দিয়ে পথচারীদের স্বাভাবিক চলাচলও বন্ধ হয়ে পড়ে।

রাস্তায় পানি জমে থাকার ফলে চরম দুর্ভোগে পড়েন সপ্তাহের প্রথম কার্যদিবসে বের হওয়া অফিসগামী মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ ব্যবসায়ীরা। জলাবদ্ধতার পানিতে অনেক সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়তে দেখা যায়। অনেক চালককে তাঁদের যানবাহন ঠেলে নিয়ে যেতে দেখা গেছে।

এদিকে টানা বৃষ্টির ফলে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও জলজট নিরসনে ভোর থেকেই কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইমার্জেন্সি রেসপন্স টিম। ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে ও দ্রুত পানি নিষ্কাশনে কাজ করে যাচ্ছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top