ইউরোপের প্রতি আগ্রাসী মনোভাব নেই, তবে হুমকি দিলে জবাব: হুঁশিয়ারি পুতিনের

ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন শীর্ষ নেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং সংঘাত উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় সামরিক-শিল্প কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি দাবি করেন, ইউরোপীয় দেশগুলো নিজেদের অর্থনৈতিক সংকট ও জনসমর্থনের ধস আড়াল করতেই কৃত্রিমভাবে রাশিয়ার জুজু তৈরি করছে।

বৈঠকে পুতিন স্পষ্ট ভাষায় জানান, ইউরোপ বা ইউরোপীয় কোনো দেশের প্রতি রাশিয়ার কোনো আগ্রাসী মনোভাব কিংবা আক্রমণাত্মক লক্ষ্য নেই। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন ও সহযোগিতার দুয়ার মস্কো এখনও খোলা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা বলে বাল্টিক সাগরে সামরিক মহড়া চালাচ্ছে ইউরোপীয় সামরিক শক্তিগুলো। সেখান থেকে বেসামরিক জাহাজ জব্দের মতো অনুশীলনের মাধ্যমে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে পশ্চিমাদের জোট ন্যাটোর ক্রমাগত ভৌগোলিক সম্প্রসারণের তীব্র সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে দেন যে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা বা বাণিজ্যের ওপর কোনো আঘাত এলে শক্ত হাতে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে দেশের সামরিক বাহিনী।

অন্যদিকে পুতিনের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমা মিত্ররা। ইউরোপীয় কূটনৈতিক সূত্রের দাবি, ইউক্রেন যুদ্ধের মাঠ থেকে নজর ঘোরাতে এবং পশ্চিমা মিত্রদের মধ্যে বিভেদ তৈরি করতেই মস্কো এমন পরস্পরবিরোধী মন্তব্য ও উত্তেজনাকর বক্তব্য ছড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top