সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন ‘চাকরি আদেশ ২০২৬’ জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতার আদেশ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের নতুন স্কেলে বেতন নির্ধারণের পূর্ণাঙ্গ ধাপ ও প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের নিয়মাবলি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা তাঁদের নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা তাঁদের বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন।

তবে অর্থ বিভাগের প্রকাশিত এই নতুন আদেশের আওতা থেকে বেশ কয়েকটি ক্যাটাগরির ব্যক্তি, কর্মচারী ও শ্রমিকদের বাইরে রাখা হয়েছে। আদেশের বাইরে থাকা শ্রেণিগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারী (প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারী ছাড়া), পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধিত শ্রমিক, শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মী, দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক এবং চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন নিয়োজিত কর্মীরাও এই আদেশের সুবিধা পাবেন না।

সরকার সূত্রে জানা গেছে, সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই প্রজ্ঞাপন জারি করা হলেও জুডিশিয়াল সার্ভিসসহ আদেশের বাইরে থাকা অন্যান্য বিশেষায়িত কাঠামোর জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top