ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর আটটি ক্রাইম বিভাগ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) আওতাধীন বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৫৬ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এছাড়া তেজগাঁও বিভাগে ৫৯ জন, গুলশান বিভাগে ৫৯ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৪৮ জন করে, লালবাগ বিভাগে ৪১ জন, রমনা বিভাগে ২০ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ৪ জন গ্রেপ্তার হন।

অভিযান পরিচালনাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ১ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৪৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এছাড়া দেশীয় অস্ত্র হিসেবে ১টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া ও ১টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় ১টি মনিটর, ১টি সিপিইউ, ৬টি মোবাইল ফোন জব্দসহ অপহৃত ১ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ডিএমপি জানিয়েছে, রাজধানীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top