সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঘোষিত লংমার্চের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করে বলেছেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকারান্তরে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের মাঠে ফেরার পথ তৈরি করে দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে বিরোধী দলের প্রতি বর্তমান সরকারের আচরণ আওয়ামী লীগ সরকারের চেয়েও খারাপ—জামায়াত নেতা ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাশেদ খাঁন। জামায়াত নেতার এই বক্তব্যের কড়া ধিক্কার জানিয়ে তিনি বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
জামায়াত ও এনসিপির সংসদ সদস্যদের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “তারা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা চাইছে। তারা কি সুবিধা পাচ্ছে না?” তিনি আরও স্মরণ করিয়ে দিয়ে বলেন, গত ১৭ বছর ধরে জামায়াত তাদের দলীয় কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারেনি।
রাশেদ খাঁন অভিযোগ করেন, এখন দলটি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের চক্রান্ত এবং পুনরায় ক্ষমতায় যাওয়ার অবাস্তব স্বপ্ন দেখছে। তবে দেশের জনগণ সচেতন এবং তারা জামায়াত-এনসিপির সেই স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না বলে তিনি মন্তব্য করেন।
#jonoprokash



