বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য একটি নতুন সময়সূচি (রুটিন) প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি দায়িত্বশীল সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হতে পারে।
উল্লেখ্য, অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি—এই ৫টি জেলায় ৮ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি ও সমমান পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়। পরবর্তীতে পরিস্থিতির আরও অবনতি হলে ১৬ জুলাই পর্যন্ত এবং পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
এদিকে, বৈরী আবহাওয়ার মধ্যেই গত ১৩ জুলাই দেশের বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী ওই দিনের পরীক্ষায় অংশ নিতে পারেনি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, মিস করা পরীক্ষার্থীদের মূল্যায়ন নিশ্চিতে তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্ধারিত নিয়মে রেজিস্ট্রেশন করতে হবে, যার প্রক্রিয়া পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই তিনটি বিষয়ের পুনঃপরীক্ষাও চট্টগ্রাম বোর্ডের নতুন প্রস্তুত করা রুটিন অনুযায়ী নেওয়া হবে বলে জানা গেছে।



