বর্তমান সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফলে অবশেষে ফের খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এই প্রক্রিয়ার একটি বড় মাইলফলক হিসেবে বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে কোনো প্রকার অভিবাসন ব্যয় ছাড়াই (জিরো কস্ট) ১০ হাজার বাংলাদেশি কর্মী নিতে নীতিগতভাবে একমত পোষণ করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।
সরকারি সূত্র জানায়, বিমান ভাড়াসহ কর্মীদের সব ধরনের অভিবাসন সংক্রান্ত খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে সরকারের একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ’ (বোয়েসেল)-এর সরাসরি তত্ত্বাবধানে।
চুক্তি অনুযায়ী, সম্পূর্ণ বিনা খরচে নির্বাচিত কর্মীদের প্রথম বহরটিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে দেশটিতে পুনরায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার উন্মুক্ত হতে যাচ্ছে।
উল্লেখ্য, বিগত দিনে মালয়েশিয়ার শ্রমবাজারে অতিরিক্ত অভিবাসন ব্যয়, সিন্ডিকেট চক্র ও কর্মী হয়রানির নানা অভিযোগ উঠে এসেছিল। তবে সরকারের এই নতুন ‘জিরো কস্ট’ উদ্যোগ এবং বোয়েসেলের সরাসরি অংশগ্রহণের ফলে দীর্ঘদিনের সেসব অনিয়ম বন্ধ হবে এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।



