বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্যতম যোগ্য ও উপযুক্ত ব্যক্তি হিসেবে অভিমত প্রকাশ করেছেন।

শুক্রবার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ও সাম্প্রতিক আলোচনায় রাষ্ট্রপ্রধান পদের ব্যক্তিত্ব নির্ধারণ নিয়ে নিজের এই ব্যক্তিগত মূল্যায়ন তুলে ধরেন তিনি।

ড. আসিফ নজরুল উল্লেখ করেন, শেখ হাসিনার শাসননামলে রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হিসেবে দক্ষতার সঙ্গে দল পরিচালনা করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি বারবার কারাবরণ, শারীরিক ও মানসিক নিপীড়ন এবং রাজনৈতিক ত্যাগের মধ্য দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, “রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অত্যন্ত গ্রহণযোগ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বোঝাপড়া রয়েছে এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ও স্নেহভাজন নেতা হিসেবেও তিনি পরিচিত।”

আইন উপদেষ্টা মন্তব্য করেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদের জন্য আরও বেশ কয়েকজন যোগ্য ও প্রবীণ নেতা থাকলেও, সার্বিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও ব্যক্তিত্ব বিবেচনায় রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে যদি এই পদের জন্য বিবেচনা করা হয়, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সবচেয়ে এগিয়ে থাকবেন।

উল্লেখ্য, দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন ও সাংবিধানিক প্রক্রিয়া সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটে রাষ্ট্রপ্রধান পদে কে স্থলাভিষিক্ত হবেন—তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। তবে এ বিষয়ে বিএনপি বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top