নরসিংদীর রায়পুরায় একটি বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে বিলের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮) এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। নিহতদের মধ্যে জান্নাতি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের এবং লামিয়া একটি মাদরাসার শিক্ষার্থী। তারা সম্পর্কে একে অপরের আত্মীয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সাথে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ভেলুয়ারচরে নানাবাড়িতে বেড়াতে এসেছিল শিশু লামিয়া আক্তার। দুপুরে সে খেলার ছলে স্থানীয় শিশু জান্নাতির সাথে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। দুই শিশুর কেউই সাঁতার না জানার কারণে এক পর্যায়ে বিলের গভীর পানিতে তলিয়ে যায়।
দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা দুই শিশুকে অচেতন অবস্থায় বিলের পানি থেকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতির দাদা আবুল কালাম অত্যন্ত শোকার্ত কণ্ঠে বলেন, “আমার নাতনির সাথে বেড়াতে আসা আরেকটি শিশু একসঙ্গে বাড়ির পাশের বিলে গোসল করতে নেমেছিল। সেখানেই তারা পানিতে ডুবে আমাদের ছেড়ে চলে গেল।”
এদিকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিকেলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করে স্থানীয় প্রশাসন। বিয়ে বাড়ির এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



